গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সোমবার (৬ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের শ্রীরামকান্দি ও গওহরডাঙ্গা গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীরামকান্দি গ্রামের রোহান উস্তা (২০) এবং গওহরডাঙ্গা গ্রামের সুমন খান (১৮)-এর মধ্যে গাছের ডাব পাড়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে বিষয়টি জানাজানি হলে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টুঙ্গিপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, “এলাকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। যাতে আবার কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
