বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে সরকার তাদের মূল বেতনের সঙ্গে ১৫ শতাংশ বাড়িভাতা বৃদ্ধির ঘোষণা দিয়েছে। মঙ্গলবার দুপুরে এ সিদ্ধান্ত ঘোষণার পর শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজী বলেন, “এটি একটি সুন্দর সমাধান হয়েছে, বুধবার থেকেই আমরা শ্রেণিকক্ষে ফিরে যাব।”
এর আগে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের বৈঠকে বাড়িভাতা ১৫ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সরকার জানিয়েছে, চলতি অর্থবছরে শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের সাড়ে ৭ শতাংশ হারে বাড়িভাতা পাবেন, আর বাকি সাড়ে ৭ শতাংশ পরবর্তী অর্থবছর থেকে কার্যকর হবে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে শিগগিরই।
উল্লেখ্য, ২০ শতাংশ বাড়িভাতাসহ তিন দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা টানা ১০ দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন করে আসছেন।







