জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি নির্ধারণে আবারও বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। তার আগে আজ বৃহস্পতিবার নিজেদের মধ্যে এক সভা করবে কমিশন।
গতকাল বুধবার জাতীয় সংসদের কমিশন কার্যালয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে সনদ বাস্তবায়নের বিভিন্ন দিক ও সুপারিশ নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। এসব বিষয় নিয়ে আজ সকালে নিজেদের মধ্যে পর্যালোচনার পর বিকেল ২টায় পুনরায় বিশেষজ্ঞদের সঙ্গে বসবে কমিশন।
বৈঠকে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম. এ. মতিন এবং ব্যারিস্টার ইমরান সিদ্দিক। এছাড়া ভার্চুয়ালি অংশ নেন অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ড. শরিফ ভূঁইয়া।
কমিশনের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন সহসভাপতি ড. আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, ড. মোহাম্মদ আইয়ুব মিয়া এবং জাতীয় ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।







