সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে এক অভূতপূর্ব ও আনন্দঘন ঘটনার সাক্ষী হয়েছেন স্থানীয় বাসিন্দারা। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে এক নারী কন্যাসন্তানের জন্ম দেন। মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন এবং শিশুটির নাম রাখা হয়েছে ‘খালেদা’।
ঘটনার দিন পাঙ্গাসী ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা মোছাঃ আম্বিয়া খাতুন তাঁর ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে এসেছিলেন। ভোট দেওয়ার প্রস্তুতির মাঝেই হঠাৎ তাঁর প্রসব বেদনা শুরু হয়। তাৎক্ষণিক বিশেষ ব্যবস্থাপনায় কেন্দ্রেই তিনি একটি সুস্থ কন্যাসন্তান প্রসব করেন। নির্বাচনের মতো একটি গুরুত্বপূর্ণ দিনে ভোটকেন্দ্রে নতুন প্রাণের এই আগমনকে স্থানীয়রা একটি স্মরণীয় ও ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখছেন।
এই বিশেষ খবরের সূত্র ধরে গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম নবজাতক ও তাঁর মা আম্বিয়া খাতুনকে দেখতে তাঁদের বাড়িতে যান। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক নবজাতকের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং পরিবারটির সাথে কুশল বিনিময় করেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে আম্বিয়া খাতুন ও তাঁর পরিবারের জন্য বিশেষ সহায়তা প্রদান করা হয়। জেলা প্রশাসক নবজাতকের জন্য দ্রুততম সময়ে তৈরি করা জন্ম সনদ, নগদ অর্থ এবং মা ও শিশুর জন্য প্রয়োজনীয় পোশাক তুলে দেন। এ ছাড়া এই বিরল ঘটনাকে স্মরণীয় করে রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ শুভেচ্ছা সনদপত্রও প্রদান করা হয়।
নবজাতক ‘খালেদা’ এবং মা আম্বিয়া খাতুনকে ঘিরে মোঃ শরিফ আলী ও আম্বিয়া দম্পতির বাড়িতে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জেলা প্রশাসনের এই মানবিক ও ত্বরিত পদক্ষেপকে স্থানীয় জনসাধরণ সাধুবাদ জানিয়েছেন।







