ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এক বিতর্কিত মন্তব্যে দাবি করেছেন যে, নীল নদ থেকে দজলা-ফোরাত নদী পর্যন্ত বিস্তৃত ভূমির ওপর ইসরায়েলের ‘বাইবেলসম্মত অধিকার’ রয়েছে। সম্প্রতি এক পডকাস্টে ইসরায়েলের ‘বৃহৎ ইসরায়েল’ বা ‘গ্রেটার ইসরায়েল’ প্রজেক্ট নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ইসরায়েল এই পুরো অঞ্চল নিয়ে নিতে পারলে ভালোই হয়, কারণ বাইবেল তাদের এই অধিকার দিয়েছে।
মার্কিন রাষ্ট্রদূতের এই উস্কানিমূলক বক্তব্যের পর মধ্যপ্রাচ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। জর্ডান, মিশর এবং সৌদি আরবসহ আরব দেশগুলো এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। দেশগুলো এক যৌথ বিবৃতিতে হাকাবির এই দাবিকে ‘অযৌক্তিক’ ও ‘আন্তর্জাতিক আইনের পরিপন্থী’ বলে অভিহিত করেছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এই ধরণের বক্তব্য কেবল রাষ্ট্রীয় সার্বভৌমত্বকেই লঙ্ঘন করে না, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে চরম হুমকির মুখে ফেলে দেয়। আরব বিশ্বের দেশগুলো হুঁশিয়ারি দিয়ে বলেছে যে, এই ধরণের বিস্তারবাদী চিন্তা মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের পথ প্রশস্ত করবে।

মূলত ‘গ্রেটার ইসরায়েল’-এর যে মানচিত্রের কথা হাকাবি ইঙ্গিত করেছেন, তাতে বর্তমান ফিলিস্তিন ছাড়াও সিরিয়া, লেবানন, জর্ডান এবং সৌদি আরব, ইরাক, মিশর ও তুরস্কের বেশ কিছু অংশ অন্তর্ভুক্ত রয়েছে। মার্কিন রাষ্ট্রদূতের মতো গুরুত্বপূর্ণ পদে থেকে এমন স্পর্শকাতর বিষয়ে মন্তব্য করায় কূটনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।







