ইরানে চলমান সামরিক অভিযানের সময়সীমা নিয়ে নিজের আগের অবস্থান থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, কোনো নির্দিষ্ট সময়সীমা নয় বরং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। বৃহস্পতিবার ব্রিটিশ সাময়িকী টাইম-কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এই কঠোর অবস্থানের কথা জানান।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর ১ মার্চ ট্রাম্প বলেছিলেন যে ৪ সপ্তাহের মধ্যে এই যুদ্ধ শেষ হতে পারে। তবে বর্তমানে তিনি বলছেন, তার কোনো নির্ধারিত ডেডলাইন নেই। তিনি জোর দিয়ে বলেন, “ইরানে আমি শুধু আমাদের লক্ষ্য পূরণ করতে চাই।”
প্রেসিডেন্ট ট্রাম্প এই অভিযানের চারটি প্রধান লক্ষ্য নির্ধারণ করেছেন। তার প্রথম তিনটি লক্ষ্যই হলো— ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে তা নিশ্চিত করা। আর চতুর্থ লক্ষ্যটি হলো— ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করা।
যুদ্ধে মার্কিন সেনাদের প্রাণহানির বিষয়ে ট্রাম্প কিছুটা নির্লিপ্ত মনোভাব প্রকাশ করেছেন। এ পর্যন্ত ৬ জন মার্কিন সেনা নিহত হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “এটা খুবই দুঃখজনক; কিন্তু যুদ্ধে গেলে কিছু মানুষ নিহত হবেই।”
অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে ট্রাম্প স্বীকার করেছেন যে, এই অভিযানের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে যুক্তরাষ্ট্রে হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সাধারণ মার্কিনিদের এ নিয়ে উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক। উল্লেখ্য যে, ট্রাম্পের ৪ সপ্তাহের আশাবাদের বিপরীতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ আগেই জানিয়েছিলেন যে এই যুদ্ধ অন্তত ৮ সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে।







