বাংলাদেশ ও ভারতের ক্রিকেট সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েন কাটিয়ে উঠতে ভারতীয় দলকে দ্বিপক্ষীয় সফরের প্রস্তাব দিয়েছেন বিসিবি অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতে ভারতের বাংলাদেশ সফরই হতে পারে সবচেয়ে কার্যকর পদক্ষেপ।
তামিম ইকবাল মনে করেন, বিসিবি ও বিসিসিআইয়ের মধ্যে বর্তমানে কোনো বাস্তব সমস্যা নেই। বাংলাদেশে একটি দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন করা গেলে দুই দেশের ক্রিকেটীয় দূরত্ব ঘুচে যাবে। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশে বর্তমানে চমৎকার নিরাপত্তা পরিস্থিতি বিরাজ করছে এবং ভারতীয় দলের জন্য এখানে কখনোই কোনো নিরাপত্তা হুমকি ছিল না।
সাক্ষাৎকারে তামিম বর্তমান বিসিসিআই সভাপতি মিঠুন মানহাসের সঙ্গে তাঁর ব্যক্তিগত সুসম্পর্কের কথা উল্লেখ করেন। আইপিএল ও ঢাকার ঘরোয়া লিগে একসময় সতীর্থ হিসেবে খেলার অভিজ্ঞতা এই সম্পর্ককে আরও সহজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি জানান, ভারত বাংলাদেশে খেলতে এলে দর্শকরা যেমন উজ্জীবিত হয়, তেমনি মাঠের লড়াইও জমে ওঠে।
সাবেক এই অধিনায়ক টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানোর বিষয়ে আগের বিসিবি প্রশাসনের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, আইসিসি নমনীয় থাকা সত্ত্বেও আলোচনার মাধ্যমে সমাধান না খুঁজে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানো ছিল একটি ভুল সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের ফলে অনেক ক্রিকেটার তাঁদের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলার সুযোগ হারিয়েছেন, যা দেশের ক্রিকেটের জন্য অপূরণীয় ক্ষতি।







