পতিত আওয়ামী সরকারের সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের কাছ থেকে ‘বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’ হিসেবে স্বীকৃতি পাওয়া এক নারী কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সচিব পদে নিয়োগ দিয়েছে বিএনপি সরকার। আলোচিত এই কর্মকর্তার নাম জেসমিন নাহার, যিনি বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (কারা অনুবিভাগ) হিসেবে কর্মরত আছেন।
গত ৬ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জেসমিন নাহারকে পদোন্নতি দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়। আওয়ামী লীগ সরকারের প্রতিমন্ত্রীর কাছ থেকে নিজ মন্ত্রণালয়ে পদায়নের জন্য ডিও লেটার (আধা-সরকারি পত্র) পাওয়া এই কর্মকর্তার এমন পদোন্নতি নিয়ে প্রশাসনের অন্দরমহলে নানা গুঞ্জন ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেসমিন নাহারের স্বামী তিতাস নিজেকে সাবেক ছাত্রদল নেতা হিসেবে পরিচয় দেন এবং একসময় বিএনপি নেতা বরকতুল্লাহ বুলুর রাজনৈতিক এপিএস ছিলেন। ইকোনমিক ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা দাবি করা তিতাস কয়েক বছর আগে অবসরে গেছেন। অভিযোগ রয়েছে, তিনি বর্তমানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে তদবির বাণিজ্যের সাথে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন।
প্রশাসনের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা দাবি করেছেন, বিগত সময়ে এ ধরনের গুরুত্বপূর্ণ পদে পদায়ন বা পদোন্নতির ক্ষেত্রে বিভিন্ন গোয়েন্দা সংস্থার কঠোর প্রতিবেদন ও অতীত কর্মকাণ্ড পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হতো। কিন্তু বর্তমান সরকারের সময়ে এসব নিয়মনীতি উপেক্ষা করে একপ্রকার ‘ফ্রি-স্টাইলে’ পদোন্নতি দেওয়া হচ্ছে, যেখানে যে যেভাবে ম্যানেজ করতে পারছে, সেভাবেই কাঙ্ক্ষিত পদ বাগিয়ে নিচ্ছে।
