সামাজিক যোগাযোগমাধ্যমে ইয়াবা সেবনের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১২ নম্বর রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাওন খানকে তাঁর সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী এবং শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগে শনিবার রাতে তাঁকে এই অব্যাহতি দেওয়া হয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নিয়ামুল হক নাহিদ এবং সদস্য সচিব রাকিব তালুকদারের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। অব্যাহতি পাওয়া ছাত্রদল নেতা শাওন খান উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের দোলন খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিনভর সামাজিক যোগাযোগমাধ্যমে শাওন খানের ইয়াবা সেবনের ১৬ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে তাঁকে একটি কক্ষের খাটের এক কোণে বসে ইয়াবা সেবন করতে দেখা যায়। ভিডিওটি প্রকাশ্যে আসার পর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র বিতর্ক ও নানা প্রতিক্রিয়া দেখা দেয়। তবে ভিডিওটি ঠিক কখন এবং কোথায় ধারণ করা হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাটি উপজেলা ছাত্রদল নেতাদের দৃষ্টিগোচর হলে তাঁরা দ্রুত সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন ও শৃঙ্খলা ভঙ্গের দায়েই তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
তবে ইয়াবা সেবনের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত শাওন খান। ভিডিওটি তাঁর নয় এবং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির সাহায্যে তৈরি করে তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
নিজের সাফাই গেয়ে শাওন খান আরও দাবি করেন, গত ১৪ আগস্ট সংসদ সদস্য আবুল হোসেন খানের বাসভবনে একটি অনুষ্ঠানের সময় হট্টগোল ও মারামারির ঘটনা ঘটেছিল। সেই রাজনৈতিক বিরোধ ও রেষারেষির জের ধরেই প্রতিপক্ষ চক্র তাঁর ছবি ব্যবহার করে ভিডিওটি এডিট করে ছড়িয়ে দিয়েছে।
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব তালুকদার জানান, ভিডিওটি হস্তগত হওয়ার পরই তাঁরা প্রাথমিক পদক্ষেপ নিয়েছেন এবং অধিকতর তদন্তের জন্য বিষয়টি জেলা পর্যায়ে পাঠানো হয়েছে। কোনো মাদকসেবী কিংবা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তির দলে স্থান হবে না উল্লেখ করে তিনি বলেন, দলীয় শৃঙ্খলা রক্ষায় অভিযুক্তের বিরুদ্ধে এই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।







