জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে গোপন যোগাযোগ ও দলীয় সংশ্লিষ্টতার অভিযোগে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৫১তম ব্যাচের শিক্ষার্থী আসাদুল আলম শেখকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ হল থেকে তাকে হেফাজতে নেয় আশুলিয়া থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও হল প্রশাসন সূত্রে জানা যায়, আসাদুলের সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠায় শিক্ষার্থীরা তাঁর মুঠোফোন পরীক্ষা করেন। এ সময় নেত্রকোনা জেলা ছাত্রলীগের সভাপতি শাওন ও জাবি ছাত্রলীগের সাবেক সহসভাপতি এনামুল হক এনামসহ (ময়লা এনাম) একাধিক নেতার সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া যায়।
তাছাড়া, আসাদুলের ফোনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভিপি ও সাবেক ছাত্রলীগ নেতা আব্দুর রশিদ জিতুর সঙ্গে কথোপকথনের চাঞ্চল্যকর চ্যাট তথ্য মেলে। ওই চ্যাটে জাকসু নির্বাচন কেন্দ্র করে জিতু আসাদুলকে লেখেন, ‘আমি ভিপি হওয়া মানে তুই ভিপি… কোনো কারণে হেরে গেলে তোদেরও ঝামেলা হবে।’ অন্য এক বার্তায় নির্বাচন না করার পরামর্শ দিয়ে জিতু লেখেন, ‘আমাকে নিয়েই এত কিছু শুরু করছে, ভাব তোর কী হবে।’
গণঅভ্যুত্থান-পরবর্তী সময়েও জাকসু ভিপির সঙ্গে নিষিদ্ধ সংগঠনের কর্মীর এমন ঘনিষ্ঠ বার্তা বিনিময় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। তাঁদের দাবি, নির্বাচনে ও পরবর্তীতে ক্যাম্পাসে ছাত্রলীগ নেতাকর্মীদের মদদ দেওয়া এবং পুনর্বাসনের চেষ্টা করা হয়েছিল কি না, তা গভীরভাবে তদন্ত করা প্রয়োজন।
ঘটনার প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার সভাপতি জিয়াউদ্দিন আয়ান বলেন, ছাত্রলীগের কর্মীর সঙ্গে জাকসু ভিপির এমন আলাপে স্পষ্ট হয় যে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। জাবিতে ছাত্রলীগের কোনো তৎপরতা বা তাঁদের আশ্রয়দাতাদের বরদাস্ত করা হবে না উল্লেখ করে তিনি ভিপি জিতুর বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
এ বিষয়ে মন্তব্যের জন্য জাকসু ভিপি আব্দুর রশিদ জিতুর ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। উল্লেখ্য, গত বছরের ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল থেকে ভিপি নির্বাচিত হওয়ার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি বিএনপিতে যোগ দেন। গণঅভ্যুত্থানের সময় তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
