জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য খণ্ডিত ও বিকৃতভাবে উপস্থাপন করার অভিযোগে বিএনপির বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি এবং সদস্য সচিব আখতার হোসেন এমপি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দেওয়া এক যৌথ বিবৃতিতে তাঁরা বিএনপি ও তাদের সহযোগী অ্যাক্টিভিস্টদের বিরুদ্ধে অপপ্রচারের এই অভিযোগ তোলেন।
বিবৃতিতে এনসিপি নেতৃবৃন্দ স্পষ্ট করেন, নাসীরউদ্দীন পাটোয়ারীর মূল বক্তব্য ছিল— রাষ্ট্রীয় সংস্কার, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার সম্পন্ন হলেই কেবল ঢাকায় আর কোনো ককটেল বিস্ফোরণ বা নাশকতা ঘটবে না। তবে নিজেদের রাজনৈতিক ব্যর্থতা আড়াল করতে বক্তব্যটির মূল উদ্দেশ্য চেপে গিয়ে সুবিধাজনক অংশ কেটে অপপ্রচার চালানো হচ্ছে বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়।
এনসিপির শীর্ষ নেতারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ক্যাডাররা সারাদেশে যেসব নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে, তা দমনে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। সেই নগ্ন ব্যর্থতা ধামাচাপা দিতেই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শরিক এনসিপির ওপর অন্যায়ভাবে দায় চাপানোর অপকৌশল বেছে নেওয়া হয়েছে।
যৌথ বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, জুলাই গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার এবং গণভোটের রায় আদায় না হওয়া পর্যন্ত রাজপথের সংগ্রাম থেকে এনসিপি পিছপা হবে না। কোনো ধরনের বিভ্রান্তিকর বক্তব্য ও অপপ্রচার চালিয়ে গণঅভ্যুত্থানের চেতনাকে দমানো যাবে না উল্লেখ করে অবিলম্বে আওয়ামী লীগের নাশকতা দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তাঁরা।







