কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে অনেকেই চাকরি পান না। তাদের চাকরির বিষয়ে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ-জনতাগঞ্জ বাজারে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তার বক্তব্যের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফজলুর রহমান বলেন, অনেক ছেলে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও ভাইভায় উত্তীর্ণ হতে না পেরে চাকরি পায় না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থীদের অ্যাডমিট কার্ড তার কাছে নিয়ে আসার পরামর্শ দেন তিনি। এরপর সংশ্লিষ্ট জায়গায় ফোন করে চাকরির বিষয়ে সহযোগিতা করার কথা জানান।
চাকরির তদবিরের নামে অর্থ লেনদেন না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তার কাছে চাকরির জন্য তদবির করতে গিয়ে কেউ টাকা চাইলে বা তাকে টাকা দিলে বিষয়টি তিনি মেনে নেবেন না। চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে কাউকে টাকা না দেওয়ার জন্যও সতর্ক করেন তিনি।
জনসভায় দরিদ্র মানুষের চিকিৎসায় সহযোগিতার আশ্বাসও দেন ফজলুর রহমান। তিনি বলেন, কোনো দরিদ্র পরিবারের সন্তান, স্ত্রী কিংবা অন্য কোনো সদস্য অর্থের অভাবে চিকিৎসা করাতে না পারলে বিষয়টি তাকে জানাতে হবে। প্রয়োজনে ওই রোগীকে ঢাকা বা কিশোরগঞ্জে নিয়ে হাসপাতালে ভর্তি এবং কম খরচে চিকিৎসার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয় জনপ্রতিনিধিদের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো পরিবারের সন্তান যেন না খেয়ে ঘুমাতে না যায়, জনপ্রতিনিধিদের সেদিকে নজর রাখতে হবে। কেউ সহযোগিতা করতে না পারলে তিনি নিজে সহযোগিতা করবেন বলেও জানান সংসদ সদস্য।
জনসভায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহসভাপতি ও চেয়ারম্যান মনির উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







