আগের মামলায় জামিন পাওয়ার পর কারামুক্তির অপেক্ষায় থাকা সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে নতুন একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
নতুন এই মামলাটি রাজধানীতে জুলাই আন্দোলনের সময় নিহত পোশাকশ্রমিক রুবেল হত্যা সংক্রান্ত।
রোববার বাদী ও আসামিপক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত হাবিবুল আউয়ালকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
এর আগে ‘ভোট ছাড়াই’ নির্বাচন সম্পন্ন করা এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা মামলায় ২০২৫ সালের ২৫ জুন তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। দীর্ঘ এক বছরের বেশি সময় পর গত ৯ সেপ্টেম্বর উচ্চ আদালত তার জামিন মঞ্জুর করেন।
তবে কারামুক্তির আগেই গত ২৮ সেপ্টেম্বর রুবেল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার আদালত তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর আদাবর এলাকায় বিক্ষোভকারীরা মিছিল বের করলে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালান। এ সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন পোশাক কারখানার শ্রমিক রুবেল।
জুলাই গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর একই বছরের ২২ আগস্ট নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম আদাবর থানায় হত্যা মামলাটি দায়ের করেন।
