জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বড় ধরনের রদবদল ও দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এয়ারপোর্ট সার্ভিসেসের মহাব্যবস্থাপক শাহনুর আহমেদকে মহাব্যবস্থাপক (গ্রাহক সেবা) পদে বদলি করা হয়েছে। একই সঙ্গে তাকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ মহাব্যবস্থাপক (জনসংযোগ) পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিমানের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পার্সোনেল শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার অনুমোদনে জারি করা আদেশে প্রশাসনিক কার্যক্রমে গতি ও দক্ষতা বাড়াতে ১০ জন জ্যেষ্ঠ ও উপ-মহাব্যবস্থাপক পর্যায়ের কর্মকর্তাকে বদলি, সংযুক্তি ও অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
জনসংযোগ ও গ্রাহক সেবায় পরিবর্তন
অফিস আদেশ অনুযায়ী, শাহনুর আহমেদ (পি-৩৬৩৪৮) এতদিন এয়ারপোর্ট সার্ভিসেসের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন দায়িত্বে তিনি মহাব্যবস্থাপক (গ্রাহক সেবা) হিসেবে কাজ করবেন। পাশাপাশি মহাব্যবস্থাপক (জনসংযোগ) পদেও অতিরিক্ত দায়িত্ব পালন করবেন এবং এ দায়িত্বের জন্য তাকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে।
অন্যদিকে, মহাব্যবস্থাপক (গ্রাহক সেবা) এবং অতিরিক্ত দায়িত্বে মহাব্যবস্থাপক (জনসংযোগ) হিসেবে দায়িত্ব পালন করা মহিউদ্দিন আহমেদ (পি-৩৬৫২১)কে মহাব্যবস্থাপক (এয়ারপোর্ট সার্ভিসেস) পদে বদলি করা হয়েছে।
নতুন দায়িত্ব সম্পর্কে শাহনুর আহমেদ বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ ও গ্রাহকসেবা আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে কাজ করতে চান তিনি। এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতাকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকরা বিমানের কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি কোথায় উন্নতির প্রয়োজন, সেটিও সামনে আনেন। নতুন দায়িত্বে গণমাধ্যমের সঙ্গে সমন্বয় ও সহযোগিতাকে গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।
প্রশাসন ও মানবসম্পদ বিভাগেও রদবদল
অফিস আদেশে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংযুক্ত মহাব্যবস্থাপক বোসরা ইসলামকে পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ)-এর কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
স্টোর অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টের মহাব্যবস্থাপক ইকবাল আহমেদ আলিজাকে মহাব্যবস্থাপক (কার্গো) পদে দায়িত্ব দেওয়া হয়েছে। পার্সোনেল বিভাগের উপ-মহাব্যবস্থাপক খন্দকার বাকী উদ্দিন আহমেদকে মূল দায়িত্বের পাশাপাশি ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক হিসেবে স্টোর অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া পোল্ট্রি কমপ্লেক্সের মহাব্যবস্থাপক এ.এইচ.এম. শফিউল বারীকে মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) পদে বদলি করা হয়েছে। উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জহুরুল আলমকে উপ-মহাব্যবস্থাপক (মানবসম্পদ) পদে বদলি করা হয়েছে। পাশাপাশি আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ উপ-মহাব্যবস্থাপক (পার্সোনেল) পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।
পরিকল্পনা বিভাগেও পরিবর্তন
বোয়িং-৭৮৭ উড়োজাহাজের ক্যাপ্টেন শেখ আব্বাস হোসেনকে মূল দায়িত্বের পাশাপাশি আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ মহাব্যবস্থাপক (পরিকল্পনা), করপোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং পরিদপ্তর পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া উপ-মহাব্যবস্থাপক (হিসাব) এম. এম. আরিফুর রহমানকে করপোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং পরিদপ্তরের উপ-মহাব্যবস্থাপক পদে দায়িত্ব দেওয়া হয়েছে। বিএফসিসির উপ-মহাব্যবস্থাপক এ জেড এম আরিফকে উপ-মহাব্যবস্থাপক (পোল্ট্রি কমপ্লেক্স) পদে বদলি করা হয়েছে।
বিমান সূত্র জানিয়েছে, বিভিন্ন বিভাগের কার্যক্রমে গতি আনা, সেবার মান উন্নত করা এবং প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা আরও সুসংগঠিত করার লক্ষ্যেই এসব রদবদল ও দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।
