Saturday, October 31, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home আন্তর্জাতিক

বিক্ষোভ নিয়ন্ত্রণে দিল্লিতে ইন্টারনেট, রেল বন্ধ: ৪১ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন

October 10, 2026
A A
বিক্ষোভ নিয়ন্ত্রণে দিল্লিতে ইন্টারনেট, রেল বন্ধ: ৪১ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন

ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরজুড়ে ৪১ হাজারের বেশি পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে ৪৫টি মেট্রো স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথ। মধ্য দিল্লির একটি বিস্তীর্ণ এলাকায় সাময়িকভাবে বন্ধ করা হয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা। নিরাপত্তার কারণে বাতিল করা হয়েছে ২৫৪টি ট্রেন। পাশাপাশি রাজধানীর সীমান্ত, রেলস্টেশন, বাস টার্মিনাল ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি।

শনিবার যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে এসব পদক্ষেপ নিয়েছে প্রশাসন। তবে দিল্লি পুলিশ কর্মসূচির অনুমতি দেয়নি। অনুমতি না নেওয়া, অতীতে আইনশৃঙ্খলাজনিত সমস্যার অভিজ্ঞতা এবং বড় জমায়েতের কারণে যান চলাচল ও নিরাপত্তাব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা সত্ত্বেও দলটির নেতাকর্মী ও সমর্থকেরা দিল্লিতে প্রবেশ করে জমায়েতের চেষ্টা করতে পারেন বলে আশঙ্কা করছে প্রশাসন।

শুক্রবার রাত থেকেই রাজধানীতে নিরাপত্তা প্রস্তুতি জোরদার করা হয়। যন্তর মন্তরের চারপাশে বসানো হয়েছে একাধিক স্তরের ব্যারিকেড। স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েনের পাশাপাশি বিভিন্ন স্থানে মহড়া চালানো হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় দিল্লির পাশাপাশি প্রতিবেশী উত্তরপ্রদেশেও সতর্কতা জারি করা হয়েছে।

রাজধানীতে ৪১ হাজারের বেশি নিরাপত্তাকর্মী

দিল্লি পুলিশের ১৫ হাজারের বেশি সদস্যের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর অন্তত ২৬ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, নয়াদিল্লিকে ২০টি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনের দায়িত্বে থাকবেন উপকমিশনার পদমর্যাদার একজন কর্মকর্তা।

আন্দোলনকারীদের মিছিল আসতে পারে—এমন ৩৭টি স্থান চিহ্নিত করে ব্যারিকেড স্থাপন করা হয়েছে। শুক্রবার রাত থেকেই এসব এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। দায়িত্ব পালনে প্রশিক্ষিত নারী পুলিশ সদস্য ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরাও থাকবেন। এ ছাড়া হরিয়ানা ও উত্তরপ্রদেশ থেকে পাঁচ হাজার নিরাপত্তাকর্মী এনে শনিবার দিল্লিতে মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে।

রাজ্যগুলোকে সতর্ক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব

সম্ভাব্য বিক্ষোভের বিষয়ে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশপ্রধানদের চিঠি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন। ৯ অক্টোবর পাঠানো চিঠিতে দিল্লি পুলিশের সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিক্ষোভের অনুমতি না দেওয়া হলেও সিজেপির নেতাকর্মী ও সমর্থকেরা দিল্লিতে প্রবেশের চেষ্টা করতে পারেন। এ কারণে গোয়েন্দা সংস্থা, সীমান্তে নজরদারির দায়িত্বে থাকা কর্তৃপক্ষ এবং দিল্লি পুলিশের মধ্যে নিয়মিত তথ্য আদান-প্রদান নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

দিল্লির প্রবেশপথগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং রাজধানীমুখী যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শনিবার দিল্লির সব খুচরা মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া বিক্ষোভের জন্য লোকজনকে সংগঠিত করার চেষ্টা চলছে কি না, তা জানতে সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি করছে প্রশাসন। বিভিন্ন অনলাইন পোস্ট ও বার্তা পর্যবেক্ষণের জন্য ২০০-র বেশি কনটেন্ট নির্মাতাকে নজরদারির আওতায় রাখা হয়েছে বলে জানা গেছে।

দেড় কিলোমিটার এলাকায় সাড়ে ছয় হাজার নিরাপত্তাকর্মী

যন্তর মন্তর, জনপথ, নির্বাচন কমিশনের কার্যালয় ও দিল্লি পুলিশের সদর দপ্তর ঘিরে প্রায় দেড় কিলোমিটার ব্যাসার্ধের এলাকাকে অত্যন্ত স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ এলাকায় ছয় হাজার ৫০০-র বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন রাখার পরিকল্পনা রয়েছে।

যন্তর মন্তরমুখী সড়কগুলোতে অন্তত সাত স্তরের ব্যারিকেড তৈরি করা হয়েছে। নিরাপত্তা কার্যক্রম পরিচালনার সুবিধার্থে নয়াদিল্লি জেলাকে ২০টির বেশি অঞ্চলে ভাগ করা হয়েছে। দিল্লি পুলিশকে সহায়তা দিতে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) ১২০টির বেশি কোম্পানি মোতায়েনের সম্ভাবনা রয়েছে।

স্পর্শকাতর এলাকাগুলোতে লাউডস্পিকারের মাধ্যমে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে। অনুমতি ছাড়া জমায়েত, সরকারি সম্পত্তির ক্ষতি ও সহিংস কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে নিরাপত্তাকর্মীদের সংযত ও পেশাদার আচরণ করার নির্দেশ দিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। উসকানি দেওয়া হলেও উত্তেজিত হয়ে প্রতিক্রিয়া না দেখানোর বিষয়ে তাদের সতর্ক করা হয়েছে।

বিক্ষোভ চলাকালে আটক ব্যক্তিদের রাখার জন্য ১২টি আটককেন্দ্র প্রস্তুত করেছে দিল্লি পুলিশ। নয়াদিল্লি ও মধ্য দিল্লির হোটেল, লজ ও অতিথিশালাগুলোতেও তল্লাশি চালানো হচ্ছে। আবাসন সংস্থা, বাড়ির মালিক এবং এয়ারবিএনবির মাধ্যমে ঘর ভাড়া দেওয়া ব্যক্তিদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।

৩০০-এর বেশি সিসিটিভি ক্যামেরা, বডি ক্যামেরায় নজরদারি

নয়াদিল্লি জেলার স্পর্শকাতর এলাকাগুলোতে অডিও ও ভিডিও ধারণের সুবিধাসহ ৩০০টির বেশি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য বডি ক্যামেরার ব্যবস্থাও করা হচ্ছে।

এ ছাড়া পুরো পরিস্থিতি এবং পুলিশের কার্যক্রম নথিবদ্ধ করতে প্রায় ১০০ জন আলোকচিত্রী ও ভিডিও ধারণকারীকে কাজে লাগানো হয়েছে বলে জানা গেছে।

বিক্ষোভের অনুমতি দেওয়া হয়নি—এ তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে প্রচার চালাচ্ছে দিল্লি পুলিশ। কমিউনিটি সেন্টার, মসজিদ ও আবাসিক কল্যাণ সমিতির মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে।

জনপথ এলাকায় ২৪ ঘণ্টা মোবাইল ইন্টারনেট বন্ধ

জনপথ ও কর্তব্য পথের সংযোগস্থলকে কেন্দ্র করে চার কিলোমিটার ব্যাসার্ধের এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। ৯ অক্টোবর রাত ১০টা থেকে ১০ অক্টোবর রাত ১০টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর দিল্লি পুলিশের বিশেষ শাখা এ নির্দেশ জারি করেছে। মোবাইল ইন্টারনেটের সব প্রযুক্তিই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। এয়ারটেল, জিও, ভোডাফোন আইডিয়া ও এমটিএনএলকে নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে।

৪৫টি মেট্রো স্টেশনে প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ

দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি) প্রথমে ৫৭টি স্টেশনে প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ রাখার পরিকল্পনা করেছিল। পরে সংশোধিত সিদ্ধান্তে এ সংখ্যা কমিয়ে ৪৫ করা হয়।

৯ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত সংশ্লিষ্ট স্টেশনগুলোতে যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার সুযোগ বন্ধ থাকবে। এসব স্টেশনের মধ্যে রয়েছে জনপথ, প্যাটেল চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, রাজীব চক, নয়াদিল্লি, মান্ডি হাউস, আইটিও, খান মার্কেট, হাউজ খাস, লাজপত নগর, কাশ্মীরি গেট, সিলামপুর, শাহদরা ও রিঠালা।

তবে সংশ্লিষ্ট স্টেশনগুলোতে মেট্রোর এক লাইন থেকে অন্য লাইনে যাওয়ার সুবিধা চালু থাকবে। শুধু নয়াদিল্লি স্টেশনে এ সুবিধা পাওয়া যাবে না।

এ বিধিনিষেধের বিরুদ্ধে করা আবেদনের শুনানিতে ভারতের সুপ্রিম কোর্ট জানিয়েছে, জনপরিবহন পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত নয়। পরিস্থিতি বিবেচনায় যুক্তিসংগত ও আনুপাতিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। সাধারণ যাত্রী, কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীদের যাতায়াত যাতে অযথা ব্যাহত না হয়, তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

বাতিল ২৫৪টি ট্রেন, ভোগান্তিতে যাত্রীরা

নিরাপত্তাব্যবস্থার প্রভাব পড়েছে রেল চলাচলেও। সর্বশেষ তথ্য অনুযায়ী, ১০ অক্টোবর ভোর ৪টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ২৫৪টি ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে ৭৫টি মেল ও এক্সপ্রেস ট্রেন এবং ১৭৯টি লোকাল ট্রেন রয়েছে।

এতে দিল্লির সঙ্গে গাজিয়াবাদ, মিরাট, পানিপথ ও কুরুক্ষেত্রের মতো এলাকার রেল যোগাযোগে বিঘ্ন ঘটেছে। নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশন থেকে যাত্রার আগে ট্রেনের সর্বশেষ অবস্থা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে যাত্রীদের।

তবে পুরোনো দিল্লি, আনন্দ বিহার ও দিল্লি ক্যান্টনমেন্ট রেলস্টেশন চালু রয়েছে। অন্যদিকে, নমো ভারত রেলের সরাই কালে খান ও নিউ অশোক নগর স্টেশন ৯ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর রাত ১০টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৩০টি সড়কে যান চলাচল নিয়ন্ত্রণের প্রস্তুতি

দিল্লি ট্রাফিক পুলিশ প্রায় ৩০টি সড়ক চিহ্নিত করেছে, যেখানে ১০ অক্টোবর সকাল ৬টা থেকে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। এসব এলাকার মধ্যে রয়েছে যন্তর মন্তর, কনট প্লেস, মান্ডি হাউস, প্যাটেল চক, অশোকা রোড, জনপথ, লোধি রোড ও ধৌলা কুয়ো।

ট্রাফিক পুলিশের অতিরিক্ত কমিশনার দীনেশ কুমার গুপ্ত জানিয়েছেন, পরিস্থিতি অনুযায়ী যান চলাচলের পথ পরিবর্তন করা হবে। তবে কোনো সড়ক পুরোপুরি বন্ধ করা বা যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার পরিকল্পনা নেই।

জরুরি প্রয়োজন না থাকলে অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বাইরে বের হলে হাতে অতিরিক্ত সময় নিয়ে বের হওয়া এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। বিশেষ করে রেলস্টেশন, আন্তরাজ্য বাস টার্মিনাল ও বিমানবন্দরে যাতায়াতের ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে।

বন্ধ মদের দোকান, বাজারেও প্রভাব

নিরাপত্তাজনিত সতর্কতার অংশ হিসেবে ৯ ও ১০ অক্টোবর দিল্লির সব খুচরা মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কনট প্লেসের নিউ দিল্লি ট্রেডার্স অ্যাসোসিয়েশনও ১০ অক্টোবর দোকান, কার্যালয়, রেস্তোরাঁ ও অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার পরামর্শ দিয়েছে। ভাগীরথ প্যালেস ও চাঁদনি চক বাজার কর্তৃপক্ষও ওই দিন বাজার বন্ধ রাখার পরিকল্পনার কথা জানিয়েছে।

সম্ভাব্য যানজট ও সড়কে বিধিনিষেধের কথা বিবেচনা করে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের আগেভাগে যাত্রার পরিকল্পনা করতে বলেছে। বিমানবন্দরে পৌঁছাতে স্বাভাবিকের তুলনায় বেশি সময় হাতে রাখার পরামর্শও দেওয়া হয়েছে।

উত্তরপ্রদেশেও সতর্কতা, দিল্লি-লখনউ রুটে ট্রেন বাতিল

সিজেপির বিক্ষোভকে কেন্দ্র করে উত্তরপ্রদেশেও উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। দিল্লিসংলগ্ন মিরাট ও বেরেলি অঞ্চলের জেলাগুলোকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। রাজধানীমুখী সড়কে যানবাহনে তল্লাশি ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

লখনউ, আগ্রা, মিরাট, বেরেলি, গাজিয়াবাদ, নয়ডা, প্রয়াগরাজ ও বারাণসীতে সম্ভাব্য বিক্ষোভ কর্মসূচির ওপর নজর রাখছে প্রশাসন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বাড়ানো হয়েছে নজরদারি।

এদিকে, গৌতম বুদ্ধ নগর জেলায় ১০ থেকে ২০ অক্টোবর পর্যন্ত ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছে। বিক্ষোভ, উৎসব ও বিভিন্ন জনসমাবেশের সম্ভাবনার কথা উল্লেখ করে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিক্ষোভের প্রভাব পড়েছে দিল্লি-লখনউ রেল চলাচলেও। ১০ অক্টোবর এ পথে চলাচলকারী একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ট্রেনের মধ্যে রয়েছে লখনউ মেল এবং নয়াদিল্লি-লখনউ এসি সুপারফাস্ট এক্সপ্রেস। এ ছাড়া ১১ অক্টোবরের লখনউ-নয়াদিল্লি গোমতী এক্সপ্রেসও বাতিল করা হয়েছে।

নিরাপত্তার পাশাপাশি স্বাভাবিক জীবন সচল রাখার চ্যালেঞ্জ

সিজেপির বিক্ষোভের অনুমতি না দিলেও সমর্থকেরা জমায়েতের চেষ্টা করতে পারেন বলে আশঙ্কা করছে প্রশাসন। এ কারণে শুধু যন্তর মন্তর নয়, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও প্রবেশপথেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এর প্রভাব পড়ছে গণপরিবহন, রেল চলাচল, ব্যবসাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতে। প্রতিবেশী উত্তরপ্রদেশের একাধিক এলাকাতেও নেওয়া হয়েছে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা।

এ পরিস্থিতিতে দিল্লি পুলিশের প্রধান চ্যালেঞ্জ হলো নিরাপত্তা বজায় রেখে সম্ভাব্য জমায়েত নিয়ন্ত্রণ করা এবং একই সঙ্গে সাধারণ মানুষের যাতায়াত ও দৈনন্দিন জীবন যতটা সম্ভব স্বাভাবিক রাখা।

শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান

অন্যদিকে, সিজেপি ও অন্যান্য আন্দোলনকারী সংগঠনের নেতারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন। সিজেপির আহ্বায়ক অভিজিৎ দীপক শুক্রবার রাতে মুম্বাই থেকে জানিয়েছেন, শনিবার সকালে তিনি দিল্লিতে পৌঁছাবেন। সেখানে পৌঁছানোর পর তাকে গ্রেপ্তার করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

তবে গ্রেপ্তার করা হলেও আন্দোলন যেন থেমে না যায়, সেই আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে সমর্থকদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের নির্দেশনা দিয়েছেন।

বিক্ষোভকে কেন্দ্র করে একদিকে নিরাপত্তা জোরদার, অন্যদিকে মেট্রো ও ট্রেন চলাচলে বিধিনিষেধ এবং মোবাইল ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত—সব মিলিয়ে শনিবার দিল্লির স্বাভাবিক জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে ও আনন্দবাজার

Related Posts

আন্তর্জাতিক

ফের হামলা হলে যুদ্ধ ছড়িয়ে পড়বে বিস্তীর্ণ অঞ্চলে, ইরানের হুঁশিয়ারি

October 31, 2026
আন্তর্জাতিক

আফগানিস্তানে আফিম উৎপাদন বেড়েছে ৪০০ শতাংশ, বেড়েছে পপি চাষও

October 31, 2026
আন্তর্জাতিক

বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার খবর ভিত্তিহীন, জানাল জাপান

October 31, 2026

সপ্তাহের সেরা

  • ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে শিক্ষকের ধর্ষণে ছাত্রী অন্তঃসত্ত্বা, জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন কে, জানালেন শফিকুল আলম

    0 shares
    Share 0 Tweet 0
  • চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুর থানার ওয়ার্ড বিএনপির সভাপতি গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বিএনপি নেতাকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

October 31, 2026

চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের সহায়তার অভিযোগে প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার

October 31, 2026

খুলনায় ১১ দলের লংমার্চ বহরে ককটেল হামলা! আতঙ্কে ছুটোছুটি

October 31, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version