ভারতের দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নির্ধারিত বিক্ষোভে যোগ দেওয়ার আগেই জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) সকালে গুরুগ্রামের সেক্টর ৫৬ এলাকার সেন্ট্রাল পার্ক বিহার আবাসন থেকে তাঁকে আটক করা হয়। পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষোভে অংশ নেওয়ার চেষ্টা করায় যৌথ অভিযানের মাধ্যমে তাঁকে হেফাজতে নেওয়া হয়।
প্রতিবেদনে জানানো হয়েছে, এর আগে বৃহস্পতিবার গভীর থেকেই ধ্রুব রাঠির বাসার বাইরে বিপুলসংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অবস্থান নেন। আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে তাঁকে দিল্লিতে না যাওয়ার অনুরোধ করা হলেও তিনি তা উপেক্ষা করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সবাইকে বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানান। পরবর্তীতে নির্দেশ অমান্যের অভিযোগে তাঁকে আটক করা হলেও পুলিশ তাঁকে কোথায় রেখেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে প্রায় ১৩ কোটি ভোটারের নাম বাদ দেওয়ার প্রতিবাদে সিজেপি এই বিক্ষোভের ডাক দেয়। বিরোধী দল ও আন্দোলনকারীদের অভিযোগ, এই প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতাসীনদের বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা চলছে। তবে নির্বাচন কমিশন ও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে।
বিক্ষোভের কোনো অনুমতি না দেওয়ায় রাজধানীজুড়ে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। দিল্লির বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েনের পাশাপাশি মেট্রো স্টেশন, রেল ও ইন্টারনেট সেবায় কড়াকড়ি ও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কড়াকড়ির মধ্যেও দলের শীর্ষ নেতা অভিজিৎ দীপকেসহ অন্য স্বেচ্ছাসেবকেরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী যন্তর মন্তরে অনড় থাকার ঘোষণা দিয়েছেন।
