ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ নিয়োগে স্বজনপ্রীতি ও জালিয়াতির মারাত্মক অভিযোগ উঠেছে। সম্প্রতি প্রকাশিত ডিলার তালিকায় ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য এম এ হান্নানের ছেলে, বোনজামাই ও ভাগ্নেবউয়ের নাম উঠে আসায় জেলাজুড়ে চরম বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনিয়মের অভিযোগে স্থানীয়রা জেলা প্রশাসকের কাছে লিখিত প্রতিবাদ জানিয়েছেন।
গত ৮ অক্টোবর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক ডিলার তালিকা প্রকাশের পর জানা যায়, নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়ন থেকে এমপি হান্নানের ছেলে আদনান সাদী (মেসার্স আলীয়াহ ট্রেডার্স), সদর ইউনিয়ন থেকে এমপির বোনজামাই আরক মিয়া (মেসার্স আয়ান ট্রেডার্স) এবং গোয়ালনগর ইউনিয়ন থেকে এমপির ভাগ্নেবউ নুরুন্নাহার আক্তার স্বর্ণা (এস এস ট্রেডার্স) ডিলারশিপ পেয়েছেন। স্বজনপ্রীতির বিষয়টি স্থানীয় প্রশাসনও নিশ্চিত করেছে, তবে মালয়েশিয়ায় অবস্থানরত বিএনপির এই সংসদ সদস্যের বক্তব্য পাওয়া যায়নি।
জেলা কৃষি বিভাগ সূত্র জানায়, জেলার ১০৬টি ডিলারশিপের বিপরীতে ৮২৫টি আবেদন জমা পড়েছিল। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির প্রাথমিক বাছাইয়ে প্রতিটি ইউনিয়নের জন্য অগ্রাধিকার ভিত্তিতে ৩ জনের নাম সুপারিশের বিধান থাকলেও, এই তালিকায় শীর্ষস্থান পেতে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, বিএনপি এমপির প্রভাব ও হস্তক্ষেপে অন্য যোগ্য আবেদনকারীদের বঞ্চিত করে নিজ পরিবারকে সুবিধা দেওয়া হয়েছে।
ডিলারশিপ নিয়োগের বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোস্তফা এমরান জানান, উপজেলা থেকে প্রেরিত তালিকার ভিত্তিতেই মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হয়েছিল। স্বজনপ্রীতি বা অর্থ লেনদেনের অভিযোগ অস্বীকার করলেও তিনি নিশ্চিত করেন যে, তালিকা প্রকাশের পর সাধারণ আবেদনকারীদের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে অনিয়মের লিখিত অভিযোগ জমা পড়েছে।
