রাজধানীর প্রগতি সরণি এলাকা থেকে ১৪৪ বোতল দেশীয় তৈরি বাংলা মদসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর এক কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান ট্রাফিক বিভাগ।
শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টার দিকে প্রগতি সরণিতে নিয়মিত ট্রাফিক চেকপোস্ট পরিচালনা করার সময় সিএনজিচালিত একটি অটোরিকশা তল্লাশি করে এ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। অভিযানে সরাসরি নেতৃত্ব দেন ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) দেলোয়ার হোসেন।
পুলিশ জানায়, চেকপোস্ট চলাকালে সন্দেহজনক একটি সিএনজি অটোরিকশাকে থামার সিগন্যাল দিলে চালকের পাশে থাকা এক ব্যক্তি চটজলদি নেমে পালিয়ে যান। বিষয়টি সন্দেহজনক মনে হলে পুলিশ অটোরিকশাটিতে তল্লাশি চালায়। এ সময় ৩টি বস্তা থেকে মোট ১৪৪ বোতল দেশীয় তৈরি বাংলা মদ জব্দ করা হয়।
ঘটনাস্থল থেকে সিএনজিতে থাকা অপর এক যাত্রীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি নিজেকে ইসলামী আন্দোলনের কর্মী বলে পরিচয় দিয়েছেন। এ ঘটনায় জড়িত পলাতক ব্যক্তিকে সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুলশান ট্রাফিক বিভাগ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
