বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির লাশ তুরাগ নদ থেকে উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব দাবি জানান। তিনি নিহত তাহসিফ সাউরির রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, একজন সাবেক বিমানবাহিনী কর্মকর্তার লাশ নদ থেকে উদ্ধারের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়ে জনমনে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে। এ ঘটনার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এড়িয়ে যেতে পারে না।
তিনি অভিযোগ করেন, একজন সাবেক বিমানবাহিনী কর্মকর্তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা ও দায়িত্বে অবহেলার পরিচায়ক।
জামায়াতের এই নেতা আরও বলেন, যেসব গোয়েন্দা সংস্থা সাবেক বিমানবাহিনী কর্মকর্তার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে, তারাই বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে ভিত্তিহীন ও কাল্পনিক তথ্য ছড়িয়ে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এমন কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। তাহসিফ সাউরির মৃত্যুর প্রকৃত কারণ, কী পরিস্থিতিতে তাঁর মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করতে হবে।
তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে তদন্তে কোনো কর্মকর্তা বা সংস্থার দায়িত্বে অবহেলা কিংবা অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
গোলাম পরওয়ার বলেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনে অবহেলার জন্য কেউ দায়মুক্তি পেতে পারেন না। তাহসিফ সাউরির পরিবার যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের।
