রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার কবর অবমাননার ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, এই জঘন্য কাজে জড়িতদের চিহ্নিত করে আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে বিচারের আওতায় আনা হবে।
বিবৃতিতে আরও বলা হয়, কোনো ব্যক্তি বা গোষ্ঠী জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। যারা এ ঘটনায় যুক্ত, তাদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।
সরকার একে অমানবিক ও ঘৃণ্য কাজ আখ্যা দিয়ে জানায়, এটি দেশের মূল্যবোধ, আইন এবং ন্যায়ভিত্তিক সমাজের মৌলিক ভিত্তির ওপর সরাসরি আঘাত। এই ধরনের বর্বরতা কোনোভাবেই সহ্য করা হবে না।
এছাড়া নাগরিকদের উদ্দেশে আহ্বান জানানো হয়—ঘৃণা ও সহিংসতাকে প্রত্যাখ্যান করে ন্যায়বিচার ও মানবতার আদর্শ সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার।







