ইরান তাদের ভূগর্ভস্থ সুড়ঙ্গে নির্মিত বিশাল ড্রোন ভাণ্ডারের একটি ভিডিও প্রকাশ করে বিশ্বজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির প্রকাশ করা ওই ভিডিওতে দেখা যায়, মাটির নিচে সুড়ঙ্গের ভেতর হাজার হাজার ড্রোন অত্যন্ত সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ করে সাজিয়ে রাখা হয়েছে।
ভিডিওটিতে দেখা গেছে, ড্রোনগুলো রকেট লঞ্চারের ওপর স্থাপন করা হয়েছে এবং সুড়ঙ্গের দেয়ালে ইরানের জাতীয় পতাকার পাশাপাশি প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি শোভা পাচ্ছে। তবে এই গোপন সুড়ঙ্গের অবস্থান কোথায় কিংবা এই ড্রোনগুলো কোন মডেলের—সে সম্পর্কে তেহরান সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি।
মার্কিন গণমাধ্যম সিএনএন এই ভিডিওটি নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। তাদের বিশ্লেষণে বলা হয়েছে, এই ধরনের ড্রোনগুলোই সাধারণত মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালাতে ব্যবহার করে ইরান। ভিডিওটি এমন এক সময়ে প্রকাশ করা হলো যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের চরম যুদ্ধাবস্থা বিরাজ করছে।
সামরিক বিশ্লেষকদের মতে, এই ভিডিও প্রকাশের মূল উদ্দেশ্য হলো ইরানের সামরিক সক্ষমতা এবং দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি প্রদর্শন করা। মাটির নিচে এই বিশাল ড্রোন ভাণ্ডার এটিই প্রমাণ করে যে, শত্রুপক্ষের বিমান হামলা বা গোয়েন্দা নজরদারি এড়িয়ে তেহরান তাদের আক্রমণাত্মক অস্ত্রগুলো সুরক্ষিত রাখতে সক্ষম।







