ভারত মহাসাগরে অবস্থানরত একটি মার্কিন যুদ্ধজাহাজ ও একটি জ্বালানিবাহী ট্যাংকারে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মঙ্গলবার (৩ মার্চ) সংস্থাটির এক বিবৃতিতে জানানো হয়, এই হামলার ফলে মার্কিন ডেস্ট্রয়ার ও ট্যাংকারটিতে আগুন ধরে যায়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম Press TV এই তথ্য নিশ্চিত করেছে।
আইআরজিসি’র দাবি অনুযায়ী, হামলাটি যখন চালানো হয় তখন মার্কিন যুদ্ধজাহাজটি ইরানের সীমান্ত থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল এবং একটি ট্যাংকার থেকে জ্বালানি গ্রহণ করছিল। অভিযানে ‘ঘাদর-৩৮০’ মাঝারি পাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র এবং ‘তালাইয়েহ’ কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ‘তালাইয়েহ’ ক্ষেপণাস্ত্রটি ১ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং মাঝপথে লক্ষ্য পরিবর্তনের বিশেষ প্রযুক্তি সম্পন্ন।
এই হামলাকে ইরান তাদের ঘোষিত ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর অংশ হিসেবে অভিহিত করেছে। তেহরানের ভাষ্যমতে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক আগ্রাসনের প্রতিশোধ নিতেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানের আওতায় ইসরায়েলের অভ্যন্তরে এবং পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে দাবি করেছে আইআরজিসি।
তবে এই ভয়াবহ হামলার দাবির বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পেন্টাগন বা মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই অগ্নিকাণ্ড বা ক্ষয়ক্ষতির বিষয়ে মুখ না খোলায় পরিস্থিতি নিয়ে ধোঁয়াশা কাটেনি। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, যদি এই হামলার খবর সত্য হয়, তবে ভারত মহাসাগরে আন্তর্জাতিক নৌ-নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়বে।







