সুদানের আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ড্রোন হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শহীদ দেশে ফেরেছেন। শনিবার সকাল সোয়া ১১টার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ বহনকারী বিমান অবতরণ করে।

রাষ্ট্রীয় মর্যাদায় শহীদদের জানাজা ও দাফন করা হবে। হামলায় আহত আরও আটজন শান্তিরক্ষী বর্তমানে কেনিয়ায় চিকিৎসাধীন এবং তাদের অবস্থা শঙ্কামুক্ত।
শহীদ ছয়জন হলেন: করপোরাল মো. মাসুদ রানা (নাটোর), সৈনিক মো. মমিনুল ইসলাম (কুড়িগ্রাম), সৈনিক শান্ত মণ্ডল (কুড়িগ্রাম), সৈনিক শামীম রেজা (রাজবাড়ী), মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ) ও লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া (গাইবান্ধা)।

হামলা গত ১৩ ডিসেম্বর আবেইয়ের কাদুগলি লজিস্টিকস বেইসে সংঘটিত হয়, যেখানে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ড্রোন হামলা চালায়। নিহত ও আহতরা বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন।
বাংলাদেশ ১৯৮৮ সালে ১৫ সদস্য নিয়ে শান্তিরক্ষা মিশনে যোগ দেয় এবং বর্তমানে বিশ্বের ১১৯টি দেশে সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে শীর্ষে রয়েছে। এ পর্যন্ত জাতিসংঘ মিশনে বাংলাদেশের ১৬৮ জন বীর সদস্য জীবন উৎসর্গ করেছেন।







