নেত্রকোনার খালিয়াজুরীতে ২৫টি ইয়াবাসহ মো. উজ্জল মিয়া নামে যুবদলের এক নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) রাতে উপজেলার ফতুয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক উজ্জল মিয়া উপজেলার গছিখাই গ্রামের মৃত অমৃত আলীর ছেলে এবং তিনি খালিয়াজুরী সদর ইউনিয়ন যুবদলের সহসভাপতির দায়িত্বে রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাকুয়া ইউনিয়নের ফতুয়া গ্রামে অভিযান চালায় লেপসিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ। এ সময় উজ্জল মিয়ার দেহ তল্লাশি করে ২৫টি ইয়াবা উদ্ধার করা হয় এবং তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয়। লেপসিয়া তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের সহযোগিতায় এই সফল অভিযান পরিচালনা করা হয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, উজ্জল মিয়া দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত রয়েছেন। যুবদলের রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় বিভিন্ন সময় প্রভাব বিস্তারেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে উজ্জল মিয়াকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষ করে শনিবার (২৩ মে) সকালে তাকে আদালতে পাঠানো হবে।
