রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান এলাকায় ভাড়া বাসা থেকে সানজিদা আক্তার মারিয়া (১৮) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী সাইফুল ইসলামকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে পরিবারের সদস্যরা মারিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া না পেয়ে বাসায় যান। সেখানে রান্নাঘরসংলগ্ন বারান্দার মেঝেতে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে ৯৯৯-এ খবর দিলে খিলগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বজনদের দাবি, মারিয়ার গলায় দাগ ছিল। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনই নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মারিয়া লালমাটিয়া মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন। প্রায় আট মাস আগে প্রেমের সম্পর্কের পর কুমিল্লার হোমনা উপজেলার বাসিন্দা সাইফুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর তারা দক্ষিণ গোড়ানে ভাড়া বাসায় বসবাস করছিলেন।
তদন্তসংশ্লিষ্টরা জানান, আত্মহত্যা, শ্বাসরোধ নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে—তা জানতে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্ত, ফরেনসিক পরীক্ষা ও অন্যান্য তথ্য বিশ্লেষণের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
খিলগাঁও থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে কাউকে দোষী বলা হচ্ছে না। ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনে আরও ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হবে।







