আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশের জনগণ তাকে ‘আগামীকালই’ বাংলাদেশে দেখতে চায়।
শনিবার (১১ জুলাই) বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত ‘২০২৪-এর গণঅভ্যুত্থান বিষয়ক অডিও-ভিজ্যুয়াল প্রকাশনা সিরিজ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার ডিসেম্বর মাসে দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনার প্রসঙ্গ টেনে চিফ প্রসিকিউটর বলেন, জনগণ তাকে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করাতে চায় না; বরং বিচারের স্বার্থে যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনার প্রত্যাশা করছে।
তিনি আরও বলেন, আইনগতভাবে শেখ হাসিনা ও আওয়ামী লীগের কোনো অবস্থান নেই বলে তিনি মনে করেন। পাশাপাশি জুলাইয়ের ঘটনাসংক্রান্ত মামলার আসামিদের বিচার চলার পাশাপাশি সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগগুলোরও তদন্ত চলছে। তার দাবি, তদন্ত শেষে দলটিকেও বিচারের আওতায় আনা হবে।







