ব্রুনেইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ তাঁর এক পুত্রবধূর সব রাজকীয় উপাধি বাতিল করেছেন। রাজপরিবারের সদস্য হিসেবে তাঁর আচরণ ‘অশোভন’ ও অনুপযুক্ত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চলতি মাসের শুরুতে ব্রুনেই দারুসসালামের গ্র্যান্ড চেম্বারলেইনের কার্যালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। এতে বলা হয়, সুলতানের আদেশের পরই সিদ্ধান্তটি কার্যকর করা হয় এবং পেঙ্গিরান রাবিয়াতুল আদাউইয়াহর সব রাজকীয় উপাধি প্রত্যাহার করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, সুলতানের প্রতি অসম্মান প্রদর্শন এবং রাজপরিবারের একজন সদস্যের স্ত্রী হিসেবে অনুপযুক্ত আচরণের কারণে তাঁর উপাধি বাতিল করা হয়েছে। তাঁর কর্মকাণ্ড রাজপরিবারের মর্যাদা ও সুনাম ক্ষুণ্ন করেছে বলেও উল্লেখ করা হয়।
৩৩ বছর বয়সী পেঙ্গিরান রাবিয়াতুল আদাউইয়াহ ব্রুনেইয়ের প্রিন্স আবদুল মালিকের স্ত্রী। ৪৩ বছর বয়সী প্রিন্স আবদুল মালিক ব্রুনেইয়ের সিংহাসনের উত্তরাধিকার তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছেন।
সূত্র: বিবিসি
