দেশের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ. কে. এম. ফজলুল হক মিলন। বন্যাকবলিত অঞ্চলের মানুষের সহায়তায় তিনি সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত নিজের পুরো এক মাসের সম্মানী ভাতা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার ঘোষণা দিয়েছেন।
রবিবার (১২ জুলাই) গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভায় তিনি এই ঘোষণা দেন। তাঁর এই তাৎক্ষণিক ও মানবিক সিদ্ধান্ত উপস্থিত সকলের মাঝে প্রশংসিত হয়েছে।
নিজের এক মাসের সম্মানী ভাতা দেওয়ার পাশাপাশি ফজলুল হক মিলন সভায় উপস্থিত সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলের প্রতি একটি বিশেষ আহ্বান জানান। তিনি বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে যার যার অবস্থান থেকে অন্তত এক দিনের বেতন অনুদান হিসেবে দেওয়ার অনুরোধ করেন।
সংসদ সদস্যের এই আন্তরিক ও মানবিক আহ্বানে সভায় উপস্থিত সকলে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেন। দুর্যোগকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়াতে এমন সম্মিলিত উদ্যোগকে উপস্থিত সকলে অত্যন্ত সময়োপযোগী এবং প্রশংসনীয় বলে অভিহিত করেন এবং নিজ নিজ অবস্থান থেকে অংশগ্রহণের সম্মতি প্রকাশ করেন।
সভায় দেওয়া বক্তব্যে ফজলুল হক মিলন বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক ও মানবিক দায়িত্ব। কেবল সরকার একা নয়, সমাজের সকল স্তরের মানুষকে এই দুর্যোগে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বন্যার্তদের সহায়তায় সর্বোচ্চ অবদান রাখা উচিত। একই সাথে তাঁর এই মানবিক উদ্যোগে দ্রুত সাড়া দেওয়ায় সভায় উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এই সংসদ সদস্য।







